বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২
বঙ্গবন্ধু সেতুতে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
রোববার ভোরে সেতুর ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনায় আহতরা বাস যাত্রী বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।
ওসি বলেন, “ঢাকাগামী একটি ট্রাক্টর সেতুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটিকে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
দুর্ঘটনাকবলিত বাহন দুটি সরানোর পর বেলা ১১টার পর থেকে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
