ফরিদপুরে এক জুটমিলে পাওনা টাকা পরিশোধের দাবি
ফরিদপুরের মধুখালিতে অবস্থিত দাহমাশি জুট মিলের কর্তৃপক্ষের কাছে পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পাট সরবরাহকারীরা।
বৃহস্পতিবার দুপুরে মধুখালির কামারখালিতে এক রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্বাস জুট ট্রেডার্সের মালিক মো. আমিনুর রহমান।
লিখিত বক্তব্যে তারা বলেন, গত তিন বছর যাবত তারা এ মিলে পাট দিচ্ছেন। মিল কর্তৃপক্ষের কাছে তাদের প্রায় ৭ কোটি ১১ লাখ টাকার বেশি পাওনা রয়েছে বলছেন তারা।
তাদের অভিযোগ, এ পাওনা টাকা পরিশোধ না করে বিনা নোটিশে গত ২০ এপ্রিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। টাকা চাইলে তাদের হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে পাট সরবরাহকারী মনিরুজ্জামান মাসুদ, সুশীল সাহা, খলিলুর রহমান, মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দাহমাশি জুট মিলের চেয়ারম্যান নোমান চৌধুরী ফোন না ধরেনি।
তবে জুট মিলের চেয়ারম্যান স্থানীয় সংবাদকর্মীদের জানান, মৃধা মো. মনিরুজ্জামান নামে তাদের জুট মিলের একজন অংশীদার ছিলেন। যিনি জুট মিলের ৪৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে মামলাও হয়েছে।
তাছাড়া মৃধা মনিরুজ্জামানের আপত্তির কারণে তাদের ব্যাংকিং অপারেশন বন্ধ রয়েছে। আগামী ১৬ জুলাই মিলটি আবার চালু হবে। এসব পাট সরবরাহকারীর পাওনাও পরিশোধ করা সম্ভব হবে বলে জানান তিনি ।
তবে মিলের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জুট মিলের অপর অংশীদার মৃধা মনিরুজ্জামান বলেন, “নোমান চৌধুরী এক মনগড়া অডিট রিপোর্ট তৈরি করে আমাদের না দেখিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন।
নোমান মিলটির দায়িত্ব নিয়ে তা উৎপাদন বন্ধ করে দিয়েছেন, এখন পাট সরবরাহকারী ছাড়াও আমার পাওনা টাকাও পরিশোধ করছে না বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি।
