গাজীপুরে ‘অপহৃত’ কেয়ারটেকার উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরের টঙ্গীতে ‘অপহরণের’ আট ঘণ্টা পর একটি বাড়ির কেয়ারটেকারকে উদ্ধার ও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।
অপহরনের শিকার খোকন মোল্লা (৪০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি টঙ্গীর পশ্চিম থানার গাজীপুরার ফারুক হোসেনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে প্রায় ১০ বছর ধরে কর্মরত আছেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে নামাজ পড়তে যাওয়ার সময় ৭-৮ জন লোক খোকনকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা খোকনের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন চালায়।
“পরবর্তীতে ভিকটিমের স্বজনরা একটি বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠান। টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ খবর পেয়ে অভিযান চালিয়ে টঙ্গীর খৈরতুল বালুর মাঠ থেকে খোকনকে উদ্ধার করে।”
পরে প্রযুক্তি ব্যবহার করে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে বলে ওসি জানান।
গ্রেপ্তাররা হলেন শেরপুরের নকলার চর বসন্তিপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মজনু মিয়া (২৭), রংপুরের পীরগঞ্জের তুলারামপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আল আমিন (২৫), নাটোরের নলডাঙ্গার পশ্চিম সোনা পাতিল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে স্বপন মিয়া (২২), টঙ্গী পশ্চিম থানার খরতৈলের আবু তালেবের ছেলে মো. ফয়সাল (৩১) এবং টঙ্গী পূর্ব থানার আলী হোসেনের ছেলে মো. ওয়াসিম (৩৪)।
