২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে বাসের চাপায় দুইজন নিহত

ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে বাসের চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2021, 05:26 PM

Updated : 10 Oct 2022, 06:01 PM

বুধবার বিকাল সোয়া ৩টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের তারাকান্দা উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের ছেলে বাবলু মিয়া (৪২) এবং নেত্রকোণার মোহণগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুর রহমান জানান, রশিদপুর এলাকায় নেত্রকোণা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী নিহত এবং অপর তিনজন আহত হয়।

“নিহতদের একজনের শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে।”

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলেন তিনি।

লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।