২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে করোনাভাইরাস শনাক্তের হার ৪৯ শতাংশ

যশোরে করোনাভাইরাস শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৯ শতাংশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2021, 04:33 PM

Updated : 02 Aug 2022, 05:55 PM

করোনাভাইরাস শনাক্তের ঊর্ধ্বগতির মধ্যে বুধবার মধ্যরাত থেকে যশোরের দুটি পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে।

মে মাসে ভারত সীমান্তবর্তী জেলা হিসেবে যশোর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

ওই মাসের শেষ সপ্তাহে যশোরে শনাক্তের হার আগের তুলনায় কিছুটা বাড়তে থাকে। জুন মাসের শুরুতে থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, গত সোমবার [৭ জুন] শনাক্ত হয় ২৯ শতাংশ; মঙ্গলবার [৮ জুন] তা বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে।

“গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসাবে শনাক্তের হার ৪৯ শতাংশ।”

সায়েমুজ্জামান জানান, করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। ঊর্ধ্বমুখী এ হার রুখতে বুধবার মধ্যরাত থেকে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে।

এর ফলে যশোর শহর থেকে কোনো যানবাহন ছেড়ে যাবে না, দোকানপাট, বিপণীবিতান, পার্ক, কমিউটিনি সেন্টার সব বন্ধ থাকবে। কেবল কাঁচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান এর আওতামুক্ত থাকবে।