২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের দুই পৌরসভায় ‘বাড়ল’ বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় যশোরের দুইটি পৌরসভায় বাড়তি বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 06:21 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

মঙ্গলবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় যশোর পৌর এবং নওয়াপাড়া পৌর এলাকায় বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির মুখপাত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো.সায়েমুজ্জামান জানান, এসব এলাকায় গণসমাবেশ ও অনুষ্ঠান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মোটরসাইকেল ও রিকশায় একজনের বেশি এবং অটোরিকশায় দুইজনের বেশি চলাচল করতে পারবে না।

প্রতিদিন যশোর পৌর এলাকা এবং অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকায় সংক্রমণের হার বেড়ে যাচ্ছে৷ জানিয়ে তিনি বলেন, যশোর পৌর এলাকার দুইটি ওয়ার্ডের চলমান বিধিনিষেধ সব ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এছাড়াও নওয়াপাড়ার দুইটি ওয়ার্ডের চলমান বিধিনিষেধ সব ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সবাইকে মাস্ক পরার উপর গুরুত্ব দেওয়া হয়৷ ধর্মীয় প্রতিষ্ঠানে, বাজারে স্বাস্থ্যবিধি পালনের উপর জোর দেওয়া হয়েছে।

শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলেন তিনি।

এদিকে, সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা গেছে, ভারতের সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনাভাইরাস শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও তা বহাল ছিল।

গত ৩ জুন শনাক্তের হার ছিল ২৫ শতাংশ, ৪ জুন ২৩ শতাংশ, ৫ জুন ২০ শতাংশ, ৬ জুন বেড়ে ২৩ শতাংশে, ৭ জুন তা আরও বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। বৃদ্ধির ধারবাহিকতায় মঙ্গলবার ৪২ শতাংশ হয়েছে।

গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত এ জেলায় ৭ হাজার ৯৫৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩ জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।

জেলায় সংক্রমণের ঊর্ধ্বমুখী হার রুখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।