২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চুরির অভিযোগ তুলে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2021, 09:54 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

রোববার দুপুরে উপজেলার কল্যাণপুর গ্রামের একটি দরবার শরীফে এই ঘটনা ঘটে।

নিহত মো. রাশেদ (২৮) উপজেলার হরিণগাছী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। 

আব্দুর রাজ্জাক বলেন, রাশেদ ৫-৬ মাস ধরে স্থানীয় একটি দরবার শরীফের ভক্ত হিসেবে দরবারেই থাকতেন। রোববার সকালে ‘দরবার শরীফের’ লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে সেখানে ফেলে রাখে।

“বিকালে অবস্থার অবনতি হলে স্থানীয়দের সাহায্যে দরবার শরীফের লোকজন তাকে কুষ্টিয়া হাসপাতালে নিচ্ছিল; পথেই তার মৃত্যু হয়। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু বলেন, “মোবাইল ফোন চুরির অভিযোগে একটি দরবার শরীফের লোকজন রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে শুনেছি।”

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, “আমি থানার বাইরে আছি, ঘটনাস্থলে ওসি তদন্ত আছে। তার সাথে কথা বলেন; বিস্তারিত জানতে পারবেন।”

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিক বলেন, মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় একটি দরবার শরীফের লোকজন রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।