২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে হাজতির ‘আত্মহত্যা’

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতি আত্মহত্যা করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2021, 08:28 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাসপাতালের শৌচাগারে এই ঘটনাটি ঘটে বলে এই কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান।

মৃত জাবেদ হাসান সুজন (৪০) ঢাকার হাজারীবাগ রোডের জাকির হোসেনের ছেলে।

গিয়াস উদ্দিন জানান, জাবেদ হাসান হাজারীবাগ থানায় হত্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। মানসিক ও হৃদরোগ থাকায় তাকে কারা হাসপাতালে রাখা হতো।

“সকাল সাড়ে ১১টার দিকে কারা হাসপাতালের বাথরুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

গিয়াস উদ্দিন আরও জানান, ২০২০ সালের ১৩ অক্টোবর হাজারীবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হলে তাকে আদালতের মাধ্যমে  ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে একই বছরের  ৬ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১- এ পাঠানো হয়।

ইতিপূর্বে গত ১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা পাঠানো হয়।