রাজশাহী মেডিকেলে করোনাভাইরাসে আরও ৯ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও নয় জনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান বলে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন।
তাদের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলেও জানান তিনি।
এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন, রাজশাহীর দুই জন, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।
এ নিয়ে গত ২৪ মে থেকে ১১ দিনে হাসপাতালের করোনা ইউনিটে ৭৭ জন মারা গেছেন বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নওগাঁর তিনজন ও পাবনার একজন।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, এ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না বাড়ালে শুধু বিধি-নিষেধ দিয়ে কাজে আসবে না। ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে করোনার ভয়াবহতা মানুষের কাছে তুলে ধরে তাদের সচেতন করতে হবে।
বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় ৩৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে রয়েছে সর্বোচ্চ ১৪২ জন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৯৮ জন, নওগাঁয় ২৩, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ৫০ জন, বগুড়ায় ২০ জন, সিরাজগঞ্জে ২২ জন ও পাবনায় ৯ জন।
