২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মাদ্রাসা ছাত্রী ‘ধর্ষণ’: অধ্যক্ষ গ্রেপ্তার

বগুড়ায় সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 07:12 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

বুধবার শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আগের রাতে শিবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার আবদুর রহমান মিন্টু শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়া গ্রামের সোলাইমান আলীর ছেলে তিনি।

ওসি সিরাজুল ইসলাম জানান, আবাসিক মাদ্রাসাটিতে আরও ১২ জন ছাত্রী একটি বড় রুমে থাকত। তাদের সঙ্গে ওই ছাত্রীও থাকত। হলরুমের পাশেই পরিবার নিয়ে বাস করেন আবদুর রহমান মিন্টু।

ওসি বলেন, গত ৩০ মে ছাত্রীরা রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে। আনুমানিক রাত আড়াইটায় মিন্টু কৌশলে মেয়েদের রুমে ঢুকে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে ছাত্রীটি বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানায়।  পরিবারের লোকজন এসে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যায়।

গত মঙ্গলবার বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে মাওলানা আবদুর রহমান মিন্টুকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যক্ষের ধর্ষণের দায় স্বীকার করার কথা জানিয়ে ওসি বলেন, এর আগেও ওই অধ্যক্ষ  মাদ্রাসার আরও তিন-চারজন ছাত্রীকে ধর্ষণ করেছেন। ভয়ে ওইসব পরিবারের লোকজন আইনের আশ্রয় না নিয়ে সন্তানদের মাদ্রাসা থেকে নিয়ে যায়।