২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অবহেলায় পড়ে রয়েছে মাধ্যমিকের ‘১০ টন’ বই

খুলনায় স্কুলের জন্য বিনামূল্যে দেওয়া ‘১০ টন’ পাঠ্যপুস্তক অবহেলায় নষ্ট হচ্ছে।

শুভ্র শচীন

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 06:22 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

কয়েক বছর ধরে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই রুমের মেঝেতে পড়ে রয়েছে মাধ্যমিকের এসব বই। তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগের কথা জানা যায়নি।

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার মোল্লা জানান, ওই রুম দুটি মাধ্যমিকের বই-পুস্তক রাখার জন্য ব্যবহার হতো। এখন স্থান পরিবর্তন করে বয়রায় স্থানান্তর করা হয়েছে কিন্তু ওই জায়গা থেকে বইগুলো সরানো হয়নি।

“দায়িত্বশীলদের এ বিষয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি।”

সরেজমিনে দেখা গেছে, ভবনটির দুই রুমে ২০১৬ থেকে ২০২০ শিক্ষাবর্ষের বই পড়ে রয়েছে সেখানে। এর মধ্যে ষষ্ট শ্রেণির বাংলাদেশ বিশ্ব পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্র্মিতি, ইংলিশ ফর টুডে, ইসলাম ও নৈতিক শিক্ষা। অষ্টম শ্রেণির ইংরেজি গ্রামার অ্যান্ড কম্পোজিশন, বিজ্ঞান। নবম-দশম এর জীববিজ্ঞান, ক্যারিয়ার শিক্ষা, ইংরেজি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতাসহ মাদ্রাসা ও কারিগরী শিক্ষার বিভিন্ন বই রয়েছে।

এ বিষয়ে সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মোমিন জানান, ২০১০ সাল থেকে ওই দুই রুমে বই রাখা হচ্ছে। সেখানে ২০১৬ থেকে ২০২০ শিক্ষাবর্ষের প্রায় ১০ টন বই রয়েছে।

পুরাতন বই বিক্রি করে দেওয়ার নিয়ম থাকলেও কর্তৃপক্ষের নির্দেশনা না আসায় এসব পুস্তক রয়ে গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন জানান, আগে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওই দুইরুমে মাধ্যমিকসহ মাদ্রাসা ও কারিগরী শিক্ষার বই রাখা হতো। এখন বয়রা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রাখা হচ্ছে। কিছু পুরাতন বই আগের জায়গায় রয়েছে। তবে সেগুলো ‘পলিথিন বিছিয়ে মেডিসিন দিয়ে রাখতে বলা হয়েছিল’।

এ বিষয়ে থানা পর্যায়ের দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সরকার প্রতি বছর স্কুল পড়ুয়া শিশুদের বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করে থাকে।