২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘জমি নিয়ে বিরোধের’ জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 04:37 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

রোববার উপজেলার মাহামুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মমতাজ উদ্দিন (৬৮) কল্যান্দী এলাকার প্রয়াত ফজর আলীর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে মমতাজউদ্দীন একটি জমিতে বালু ভরাট শুরু করলে প্রতিপক্ষের এক ব্যক্তি তাকে বাধা দেয়। এই সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন এসে মমতাজকে পিটিয়ে আহত করে।”

আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি।

ওসি নজরুল আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শফিকুল নামে একজনকে আটক করা হয়েছে। ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।