করোনাভাইরাসে ৮, উপসর্গ নিয়ে ৪ মৃত্যু রাজশাহী মেডিকেলে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজনের এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে সাতজন চাঁপাইনবাবগঞ্জের।
শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান বলে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে আটজনের করোনাভাইরাস পজিটিভ ছিল। এদের মধ্যে আইসিইউতে মারা গেছেন তিনজন।
“বাকি চারজনের সব ধরণের উপসর্গ ছিল। তবে পরীক্ষার আগেই করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।”
নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন রয়েছেন। বাকিরা রাজশাহীসহ অন্য জেলার। এ নিয়ে গত ছয়দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৫১ জন মারা গেছে বলে জানান শামীম ইয়াজদানী।
তিনি বলেন, রোববার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
যার মধ্যে ৭৫ জনের পহজটিভ। এদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৯৩ জন, রাজশাহীর ৮৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৩ জন ও কুষ্টিয়ার ৩ জন।
তাদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৫ জন ভর্তি রয়েছেন।
