২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সেই নিহত যুবকের এবার হাত-পা-মাথা মিলল

গাজীপুরে এক সেফটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধারের ‘৩৮ দিন পর’ তার বিচ্ছিন্ন হাত, পা ও মাথা উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 11:07 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

শনিবার গাজীপুরের এক সাবান কারখানার পাশের ময়লার স্তুপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করে পুলিশ।

নিহত মো. সুমন (৩২) গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানা এলাকার মোঃ জাফর উল্লাহর ছেলে।

এ ঘটনায় আটকরা হলেন, দিনাজপুরের চিরির বন্দর থানার নারায়ণপুরের আশরাফ আলীর মেয়ে মোসা. আরিফা (২৩) এবং ফরিদপুরের মধুখালী থানার নরগুনা এলাকার আদিত্য সরকারের ছেলে তন্ময় সরকার (৩০)।

কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, গত ২১ এপ্রিল দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদারগঞ্জের হাজী মার্কেট পুকুর পাড় এক বাড়ির পাশের নর্দমা থেকে  মাথা ও হাত-পা বিহীন অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

তাকে ২ থেকে ৩ দিন আগে হত্যার পর লাশ সেখানে ফেলে দেওয়া হয় বলে তাৎক্ষণিকভাবে ধারণা করা হয়েছিল। ময়না তদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরে লাশটি সুমনের বলে শনাক্ত করে তার স্বজনরা। এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এসআই মোজাম্মেল হক বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আটক নিহত সুমনের স্ত্রী আরিফা (২৩) এবং তার পরকীয়া প্রেমিক তন্ময়ের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ স্থানীয় এক সাবান ফ্যাক্টরির পার্শ্ববর্তী ভাগাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সুমনের মাথা, দুই হাত, দুই পা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া তন্ময়ের ঘর থেকে নিহত সুমনের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেন তিনি।