জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছয় তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন ২২ নম্বর নির্মাণাধীন হলে এই ঘটনা ঘটে।
নিহত শাহের আলীর (২৫) বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায়।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, "২২ নম্বর হলের ছয়তালা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জেনেছি।"
শ্রমিকদের নিরপত্তার বেষ্টনী ছিল কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, "শ্রমিকরা দীর্ঘদিনের অভিজ্ঞ। আর কিছু ছিল কিনা বলতে পারছি না। শ্রমিকটি ছয়তলা থেকে নামতে গিয়ে পড়ে যায়।"
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বলেন, "শাহের আলী নামের একজনকে হাসপাতালে আনা হয়। তবে আগেই তার মৃত্যু হয়।"
তিনি বলেন, মস্তিস্কে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পায়েও গুরুতর আঘাত ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, "শ্রমিক আহত হওয়ার ঘটনা শুনতে পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করি। এনাম মেডিকেলে পাঠানোর পর জানতে পারলাম তিনি মারা গেছেন।"
