প্রতিবেশীর ঘরের মাটি সরিয়ে মিলল নিখোঁজ শিশুর লাশ
রংপুরে নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ঘরের মেঝের মাটি খুঁড়ে এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা আকতার (১০০ ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে।
মিঠাপুকুর থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, ওই শিশু গত বুধবার সন্ধ্যায় চিপস কেনার জন্য মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাইরে যায়। এরপর আর বাসায় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা।
ঘটনার একদিন পর বৃহস্পতিবার ভোরে শিশুটির প্রতিবেশী শাহিন মিয়ার ঘরে মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকার একজন।
সন্দেহের জেরে সেখানে গিয়ে মাটি সরাতেই শিশুটির হাত দেখতে পেয়ে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলেন তিনি।
ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হতে পারে। চিৎকারে ধরা পড়ার ভয়ে শিশুটিকে হত্যার করার পর ঘরের মেঝেতে পুতে রাখা হয়েছিল।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
রংপুর মেডিকেল কলেজহাসপাতালে ময়না তদান্তের জন্য লাশটি পাঠানো হয়েছে।
