ঘূর্ণিঝড় ইয়াস: জলোচ্ছ্বাস আতঙ্কে উপকূলবাসী
প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ‘জলোচ্ছ্বাসের আতঙ্কে’ প্রহর গুনছে উপকূলবাসী।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, মঙ্গলবার দুপুর ১টায় ঘূর্ণিঝড় ইয়াস মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আমিরুল আরও জানান, দুপুরে ইয়াসের প্রভাবে মোংলাসহ উপকূল অঞ্চলে ঘণ্টায় ৩৫-৪০ কিলোমিটার বেগে এবং খুলনায় ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে যা মঙ্গল ও বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকাল থেকে কয়রা ও দাকোপ উপজেলায় লোকজনকে সতর্ক করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে নদী তীরবর্তী বেড়িবাঁধের বাইরে এবং বাঁধের কাছাকাছির বাসিন্দারা বিকেল পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে যাননি বলছে প্রশাসনের কর্মকর্তারা।
উপকূলের দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে খুলনার কয়রা একটি। কয়রার মদিনাবাদ গ্রামের হামকুড়া এলাকার কপোতাক্ষ নদের পাশে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঝুপড়ি ঘরে বাস করেন দিনমজুর জাহিদুল ইসলাম।
জাহিদুল বলেন, গত বছর ঘূর্ণিঝড় আম্পানে তার ঘরটি বিধ্বস্ত হয়। পরবর্তীতে কোনো মতে ঝুপড়ি ঘরটি তোলেন।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধির সঙ্গে ঝড়ো বাতাস বইতে থাকায় আতঙ্কে রয়েছেন তিনি।
তিনি জানান, এ উপজেলার সাতটি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ। এরমধ্যে গোবারা ঘাটাখালী, কয়রা মদিনাবাদ তহশিল অফিস এলাকা, ২ নম্বর কয়রা খাশিরখাল সংলগ্ন রিং বাঁধ এলাকা এবং দশহালিয়া, কাটকাটা, কাশিরহাটখোলা এলাকার বাঁধ খুবই নিচু ও দুর্বল। এ কারণে মানুষ আতঙ্কে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সীমানা জটিলতায় খুলনা জেলার কয়রা উপজেলা দেখভাল করে থাকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, কয়রার মোট ২৬টি পয়েন্ট বেশি ঝুঁকিপূর্ণ। এরমধ্যে হোগলা, দশহালিয়া, গোবিন্দপুর, চরামুখা, আংটিহারা, হরিহরপুর, হোগলাবুনিয়া, ঘড়িলাল বাজার, কাটকাটা উল্লেখযোগ্য।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, গত সোমবার রাত থেকে কয়রায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়রা উপজেলার সাধারণ মানুষের মধ্যে ইয়াসের প্রভাবে জোয়ারে জলোচ্ছ্বাসের আতঙ্ক বিরাজ করছে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনার ৯টি উপজেলার ১ হাজার ৪৮টি সাইক্লোন শেল্টার খুলে রাখা হয়েছে। এগুলোতে ধারণ ক্ষমতা প্রায় ৫ লাখ মানুষ।
এছাড়া ৫ হাজার ৩২০ জন স্বেচ্ছাসেবক এবং ১১৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ হতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে মোংলা বন্দরে ১১টি দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।
মঙ্গলবার সকালে মোংলায় জরুরি সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
সভায় তিনি সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করে বলেন, “দুর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে আসছে, এবারও তাই হবে।”
তবে পূর্ণিমার সময় ঘূর্ণিঝড় আছড়ে পড়লে সুন্দরবনের জীব-বৈচিত্র্য ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন তিনি।
বন সংরক্ষক মঈনুদ্দিন খান আরও বলেন, সুন্দরবনে থাকা জেলে, বাওয়ালি ও মৌয়ালদেরকে লোকালয়ে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। বনকর্মীদেরও নিরাপদ দূরত্বে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের হিসাবে খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, বাগেরহাটের শরণখোলা ও মোংলার নদীরতীর ও বেড়িবাঁধের পাশে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে বারবার বেশি ক্ষতির শিকার হচ্ছেন তারাই।
