২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তালাবন্ধ ঘরে যুবকের হাত-পা বাঁধা লাশ

ঢাকার আশুলিয়ার এক বাড়ির তালাবন্ধ একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 09:38 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

রোবাবর রাত ২টার দিকে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকার শামসুন্নাহারের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান।

তিনি বলেন, “ওই যুবকের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

পরিদর্শক জিয়াউল বলেন, লাশ পচে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয়রা পুলিশে খবর দিয়েছিলেন। তার ভিত্তিতেই পুলিশ ওই বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

“তার হাত-পা বাঁধা ছিল। গলায় রশি প্যাঁচানো ছিল। মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।”

বাড়ির মালিক মোসাম্মত শামসুন্নাহার পুলিশকে বলেছেন, গত ১৯ মে ওই বাসা ভাড়া নেয় ওই যুবক। জুন মাসের ১ তারিখে স্ত্রীসহ বাসায় উঠে ভাড়াটিয়া ফরম পূরণ করার কথা ছিল।

“কিন্তু ভাড়া নেওয়ার পরদিন থেকেই নাকি ওই যুবক সেই বাসায় থাকতে শুরু করে। পরে বন্ধু পরিচয়ে আরও চার যুবক সেই বাসায় যায়। তারাও তার সাথেই রুমে ছিল। বাড়ির মালিক বলছেন, ওই যুবক যে নাম বলেছিল, সেটা তিনি মনে করতে পারছেন না।”

বাড়ির মালিক পুলিশকে বলেছেন, শনিবার সকালে তিনি দরজায় তালা দেখে ভেবেছিলেন, ওই যুবক চলে গেছে। কিন্তু রোববার রাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা থানায় খবর দেন।