চাঁদপুরে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
চাঁদপুরে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কূল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন, হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল এলাকার মো. মহিউদ্দিন, একই এলাকার শাকিল হোসেন।
ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল টেস্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার রাতে ওই তরুণী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় চারজনকে আসামি করে মামলা করেন। মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন ও তিন নম্বর আসামি মো. কালু পলাতক রয়েছেন।
হাজীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, তুরুণীর অভিযোগের প্রেক্ষিতে আমরা মধ্যরাতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করি।
তিনি আরও জানান, ওই তরুণীর গত ৮ মাস আগে ডিভোর্স হয়। সেই ঘরে তার দুটি সন্তান রয়েছে। সন্তান দুটি তার বাবা সাথে বসবাস করছে।
এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই আমরা দুই আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এ ঘটনার সাথে জড়িত অপর দুই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
থানায় দায়েরকৃত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ধর্ষণের শিকার তরুণী গত শনিবার বিকেলে তার বাড়ি থেকে নদীবাড়ী এলাকায় ঘুরতে আসেন। সেখানে শাকিল নামে এক যুবকের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সন্ধ্যার পরে তারা হাজীগঞ্জ বাজারের এক হোটেলে খাবার খান।
ঘুরাঘুরি এক পর্যায়ে রাতে বিদায় নিয়ে ওই তরুণী চলে যেতে চাইলে শাকিল ফোন করে তার সঙ্গীদের নদীবাড়ি আসতে বলেন।
তারা ওই তরুণীকে জোর করে এক অটোরিকশায় তুলে নিয়ে নদীবাড়ী সংলগ্ন এক বালুর মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।
