জাহাঙ্গীরনগরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
রসায়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম জসিম মানববন্ধনে অংশ নিয়ে বলেন, “অনলাইনে ক্লাস করে তেমন সুবিধা করতে পারছি না। আবার যেসব শিক্ষার্থীর ল্যাবে কাজ রয়েছে তারা আজ এক বছরের ওপরে সেসব কাজ করতে পারছেন না।
“আমরা পিছিয়ে পড়ছি। দেশের অনেক কিছুই খোলা থাকছে। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হবে না? এখন হতাশা বাড়ছে। আত্মহত্যা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। সুষ্ঠু পরিকল্পনা না থাকার কারণেই আজ আমরা এই সমস্যায় রয়েছি। অতিশিগগিরই বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানাচ্ছি।”
“২০১৯ সাল থেকে আজ অবধি তৃতীয় বর্ষেই আছি। শপিং মল থেকে শুরু করে সবকিছুই কমবেশি খোলা রয়েছে। বন্ধ রয়েছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের উচিত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া,” বলেন চারুকলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।
প্রাণ রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের কবির হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানতে না পারলে পোশাকশ্রমিকরা কিভাবে স্বাস্থবিধি মেনে চলেন এটা বোধগম্য হয় না। সরকার শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবে আশা করছি।”
