কোভিড-১৯: খুলনা বিভাগে এক দিনে নয় মৃত্যু
খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত নয় জন মারা গেছে।
শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মনজুরুল মুরশিদ একথা জানান।
বিভাগের ১০ জেলায় গত ৩২ দিনের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে গত ১৯ এপ্রিল একদিনে নয় জন প্রাণ হারান।
মনজুরুল মুরশিদ জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় নয় জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নয় জনের মধ্যে রয়েছেন খুলনা জেলায় চার জন, বাগেরহাটে দুই জন এবং যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় এক জন করে।
মনজুরুল মুরশিদ আরও জানান, এ সময় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের। সব মিলিয়ে বিভাগে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা ৩২ হাজার ৮৬৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭ জন। বিভাগে করোনা আক্রান্তের পর মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫০২ জন।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যাওয়া ৬১০ জনের মধ্যে রয়েছেন খুলনায় ১৬৫, কুষ্টিয়ায় ১০৯, যশোরে ৭৭, ঝিনাইদহে ৫৫, চুয়াডাঙ্গায় ৫৪, সাতক্ষীরায় ৪৪, বাগেরহাটে ৩৮, নড়াইলে ২৬, মাগুরায় ২৩ ও মেহেরপুরে ১৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে ২৬ জনা মারা গেছে; নতুন শনাক্ত হয়েছে ১৫০৪ জনের দেহে।
