শার্শায় চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা আটক
যশোরের শার্শায় জমির বিরোধে চাচাকে হত্যার অভিযোগে ভাতিজাকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল মজিদ সর্দার (৫০) শার্শার অগ্রভুলোট গ্রামের আব্দুল গফুর সর্দারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান, শুক্রবার সকালে পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রাম থেকে মজিদের ভাতিজা দেলোয়ার হোসেনকে (২২) তারা আটক করেন।
দেলোয়ার একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
ঘটনার বর্নণায় শার্শার গোগা ইউনিয়ন পরিষদের সদস্য তবিবুর রহমান বলেন, ভিটেবাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার ১১টার দিকে মজিদের সঙ্গে তার ভাতিজা দেলোয়ারের কথা কাটাকটি হয়।
“এক পর্যায়ে দেলোয়ার মজিদকে লক্ষ্য করে তার হাতে থাকা একটি বল্লম ছুড়ে মারে। এ সময় বল্লম মজিদের পেটে ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দেলোয়ার পালিয়ে যায়।“
শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা মজিদের লাশ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
“জমি সংক্রান্ত বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
