ফেনীতে ‘আমগাছ নিয়ে বিরোধে’ হামলায় বৃদ্ধা নিহত
ফেনীর ছাগলনাইয়ায় ‘আমগাছের মালিকানা নিয়ে বিরোধের’ জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রাঁধানগর ইউনিয়নে নিচিন্তা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফিরোজা খাতুন (৬৫) নিচিন্তা গ্রামের আব্দুর রউফের স্ত্রী।
আহতরা হলেন নিহতের স্বামী আব্দুর রউফের (৭৫), ছেলে একরামুল হক (৪০), ফজলুল হক (৩০) এবং দুই পুত্রবধূ শামীমা আক্তার (২৮) ও শাকিলা আক্তার (২৩)।
নিহতের ছেলে ফজলুল হক বলেন, বাড়ির একটা আমগাছের মালিকানা নিয়ে চাচাত ভাই মফিজের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
“মঙ্গলবার সন্ধ্যায় বাবা আমাদের ঘরে বসে গাছ নিয়ে নিজ পরিবারের সদস্যদের বকাঝকা করছিলেন। পাশের ঘর থেকে মফিজ এবং তার স্ত্রী পাল্টা জবাব দিলেই ঘটনার সূত্রপাত হয়।”
ফজলুল হক বলেন, “আমার মা ফিরোজা খাতুন ঈদের পর ছয় রোজা রাখছিলেন। মঙ্গলবার ইফতারের পর দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়।”
তিনি জানান, কিছুক্ষণ পর একদল দুর্বত্তরা দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা করে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
“এতে আমার মা ও বাবার মাথা ফেটে যায়। আহত হই আমি নিজে এবং আমার ভাই একরামুল হক, দুই স্ত্রী শামীমা আক্তার ও শাকিলা আক্তার।”
তিনি জানান, বাড়ির স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই ফিরোজা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৩টার দিকে তিনি মারা যান।
ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
