২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার, আটক ৩

ঢাকার সাভার থেকে অপহরণের পাঁচদিন পর আট বছরের এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 02:30 PM

Updated : 07 Apr 2022, 11:02 PM

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার একটি বাড়ি থেকে ইসতেফাত হোসেন সোহান নামের শিশুটিকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করা হয়।

আটকরা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার রাজা মিয়া (৩৫), একই গ্রামের হাবু মিয়া (৪৫) ও হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের করিম বেপারী (৩০)।

উনু মং বলেন, সোহান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বাবা ও মা দেশের বাইরে থাকায় সে সাভারের উলাইলে মামা-মামির সঙ্গে থাকত। শুক্রবার সকালে তাকে ওই এলাকা থেকে অপহরণ করা হয়।

“পরে অপহরণকারীরা শিশুটিকে আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টিপরিবারের লোকজন র‌্যাবকে জানালে তারা অভিযান চালিয়ে শিশু সোহানকে উদ্ধার করে।”

আটক তিনজনকে সাভার মডেল থানায় এবং শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।