২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা’, টেকনাফে ৩০ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গা ধরা পড়েছে, যাদের ‘সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা’ হচ্ছিল বলে কোস্ট গার্ড জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2021, 06:11 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

মঙ্গলবার সকাল ৬টায় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পয়েন্টে বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ডের টেকনাফের বাহারছড়া স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট মো. শফিকুল ইসলাম জানান।

উদ্ধার হওয়াদের মধ্যে ২০ জন নারী, পাঁচ জন শিশু ও পাঁচ জন পুরুষ রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট শফিকুল বলেন, সকালে শামলাপুর পয়েন্ট দিয়ে সাগরপথে ট্রলারযোগে কিছু ‘রোহিঙ্গাকে পাচারের’ খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ট্রলার চালকসহ পাচারকাজে জড়িত লোকজন পালিয়ে যায়।

"তবে ট্রলারে থাকা নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়। পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। এই রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।"

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, "রোহিঙ্গাদের উদ্ধারের বিষয়টি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।”

আপাতত তাদের কোস্ট গার্ডের টেকনাফের বাহারছড়া স্টেশনে রাখা হয়েছে বলে জানান শফিকুল ইসলাম।