২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

কুষ্টিয়ায় এমবিবিএস ডিগ্রিধারী সেজে রোগীদের সাথে প্রতারণা করে আসা এক চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2021, 06:09 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার ‘কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল’ নামের এক প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে এ ভুয়া চিকিৎসককে আটক করা হয় বলে জানান র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত এমকেএইচ খান বিজয়। তিনি সেখানে চিকিৎসা দিতেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, আটক চিকিৎসকের সাটিফিকেট এবং নিবন্ধন যাচাই করে দেখা গেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ওই নিবন্ধন নম্বরটি অন্য এক চিকিৎসকের।

“আটক ব্যক্তি দোষ স্বীকার করায় তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে।“

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ এর ১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ভুয়া চিকিৎসক এমকেএইচ খান বিজয়কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ কাজে সহযোগিতার অভিযোগে কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের মালিক সাইদুল ইসলামকে ওই আইনের ২৮ এর-২ উপ ধারায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।