বাদাম চাষে খুশি তিস্তাপাড়ের চাষি
বাদাম চাষে কম খরচে লাভের মুখ দেখছেন রংপুরের তিস্তাপাড়ের কৃষকরা।
কৃষকরা জানান, চরের জমি উর্বর হওয়ায় বেশি সার দিতে হয় না। তাই কম খরচে চাষ করা যায়। বীজ রোপণের তিন মাসের মধ্যে বাদাম তোলা যায়।
তবে ফলন ভালো হলেও বাজারজাতকরণের সুব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত লাভ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে কৃষক ও কৃষি বিভাগের ভাষ্য।
রংপুরের তিস্তার চরজুড়ে এখন বাদাম তোলার ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চর মহিপুর, চল্লিশার চর, চালাপাক চর এবং লক্ষ্মীটারীর চরসহ বিভিন্ন এলাকার আরও কয়েকটি চরে বাদাম আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের সহায়তায় জেলায় বাদাম চাষ সম্প্রসারণের জন্য কৃষকদের বীজ, সার, কীটনাশকসহ নানা ধরনরে উপকরণ দেওয়া হচ্ছে বলেও কৃষি বিভাগ জানিয়েছে।
গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চরের বাদাম চাষি আমিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলনে, “গতবার আমি ২ একর জমিতে বাদম চাষ করেছি। আমার মোট খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। আর বাদাম বিক্রি করেছি ৩ লাখ ২০ হাজার টাকায়। আমার প্রায় ২ লাখ টাকা লাভ হয়েছে। এবারও ২ একর জমিতে বাদম চাষ করেছি; জানি না এবার কী হবে। এবার প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মতো খরচ হয়েছে।”
তবে চাষিদের অভিযোগ, বাজারে বাদাম বিক্রির কোনো শেড না থাকায় ৫ হাজার টাকার বাদাম বিক্রি করতে হচ্ছে ৪ হাজার টাকায়। এতে তারা ক্ষতগ্রিস্ত হচ্ছেন। একটি বাজারে শেডের ব্যবস্থা করলে লাভবান হতে পারতেন বলে মনে করেছেন তারা।
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে প্রত্যেক বাদাম চাষিকে ১০ কেজি করে বীজ দেওয়া হয়েছে। আর প্রণোদনা হিসেবে ১০০ জন কৃষককে ডিএপি ১০ কেজি, সার ৫ কেজি, বারী-৮ বীজ ১০ কেজি করে দেওয়া হয়েছে।
“তবে বাদাম বাজারজাতকরণে কিছু সমস্যা রয়েছে। এর ফলে কৃষকরা তেমন লাভবান হতে পারছেন না।”
বাদাম জমি থেকে তোলার সঙ্গে সঙ্গে বাজারজাত না করে শুকিয়ে গুদামজাত করে পরে বাজারজাত করা হলে কৃষকরা অধকি লাভবান হবেন বলে তিনি মনে করেন।
