২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তুলা কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ সদরে তুলা তৈরির কারখানায় আগুন লেগে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2021, 06:46 PM

Updated : 02 Aug 2022, 05:34 PM

সোমবার দুপুরে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন এক তুলার কারখানায় এ দুর্ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন বলে থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান।

নিহত জহুরুল ইসলাম তালুকদার (৬০) খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের ওসমান আলীর ছেলে।

ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীমুর রহমান জানান, জহুরুল ইসলাম আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 

“আহত মোহাম্মদ হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল হামিম জানান, দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।