২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ল দুই কিশোর

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2021, 05:45 PM

Updated : 02 Aug 2022, 05:32 PM

রোববার দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 

নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৪ বছর বলেছে পুলিশ।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান, আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই দুই শিশু বসেছিল। সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ওই দুই শিশু কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যায় তারা।

জিন্স প্যান্ট পরিহিত নিহতদের একজন কমলা রঙের টি-শার্ট এবং অপরজন হালকা কালো রঙের ফুল শার্ট পরেছিল। 

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে লাটিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা রেললাইনের পাশে লাটিম খেলছিল।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।