২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কিশোরীকে অপহরণে অভিযোগে একজন গ্রেপ্তার

কুড়িগ্রাম থেকে গাজীপুরে বেড়াতে আসা এক তরুণকে মারধর করে তার সঙ্গী কিশোরীকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2021, 07:06 PM

Updated : 02 Aug 2022, 05:26 PM

গাজীপুর পিবিআই সুপার মো. মাকসুদুর রহমান জানান, শুক্রবার সকালে শামীম মিয়া (৩৩) নামে এই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।

শামীমের বাড়ি জামালপুর সদর উপজেলার হাইচণ্ডা এলাকায়। গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম চান্দনা বনরুপা রোড এলাকায় কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন শামীম।

পুলিশ সুপার বলেন, গাজীপুর বেড়াতে আসার পর এক কিশোরী ও মো. মাহিম (১৮) নামে এক তরুণ চান্দনা চৌরাস্তা থেকে অটোরিকশায় চড়ে শিববাড়ি মোড়ের দিকে যান বৃহস্পতিবার ভোরের দিকে। গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে থেকে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। আর মাহিমকে মারধর করে কিশোরীকে অপহরণ করে তারা।

“মাহিম বাসন থানায় জানালে পিবিআই অভিযান শুরু করে। শুক্রবার ভোরে একটি বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণকারী দলের সদস্য শামীম মিয়াকে আটক করা হয়।”