২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘লিফটের দরজা দিয়ে পড়ে’ নারীর মৃত্যু

নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালে লিফটের দরজা দিয়ে পড়ে নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2021, 11:51 PM

Updated : 02 Aug 2022, 05:21 PM

চার তলায় লিফটের সুইচ অন করার পর দরজা খুলেছে কিন্তু লিফট আসেনি বলে পরিবারের অভিযোগ।

জেলার সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় মাইজদী শহরের ‘জি ৮ গ্রামীণ জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে বলে তারা অভিযোগ পেয়েছেন।

নিহত জহুরা বেগম (৪৫) লক্ষ্মীপুর সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

পুলিশ জানায়, জহুরা সড়ক দুর্ঘটনায় আহত শ্বশুরকে দেখতে গিয়েছিলেন ওই হাসপাতালে। সন্ধ্যায় হাসপাতালের চার তলা থেকে নিচে নামার জন্য লিফটের সুইচ অন করেন তিনি। এ সময় দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পা বাড়ান জহুরা। কিন্তু লিফট না আসায় তিনি নিচে পড়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন।

ওসি সাহেদ বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।