ভৈরবে ট্রাক-অটো সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
উপজেলার নয়হাটি এলাকায় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার আলিয়াপাড়া গ্রামের মতিউর রহমান (৫৫), নোয়াগাঁও গ্রামের হদিস মিয়া (৫০) এবং জালালপুর গ্রামের রবিন (১৬)।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।
ওসি মামুনুর রহমান জানান, দুপুরে যাত্রিবাহী সিএনজি চালিত অটোরিকশাটি নিকলী থেকে ভৈরব আসছিল। পথে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নয়হাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে একজন নিহত হন ও পাঁচজন আহত হন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজন মারা যান।”
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোছা. সুমাইয়া বলেন, আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের ফরিদ মিয়া (৩৩), পিতলহাটি গ্রামের আব্দুল খালেক (৫৮) ও জালালপুর গ্রামের ইসমাইল (৩২)।
দুর্ঘটনা ঘটানো ট্রাকটি খালি ছিল এবং ঘটনার পরপরই এর চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন ওসি মামুনুর রহমান।
