নবাবগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে কিশোরের মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ওমর ফারুক জানান, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে ওই কিশোরের মৃত্যু হয়।
মৃত ফয়সাল (১১) নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ডা. ওমর ফারুক জানান, ৪/৫ দিন আগে থেকে ফয়সাল জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল। তার অক্সিজেন নেওয়ার ক্ষমতা দ্রুত হ্রাস পাওয়ায় সোমবার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
মৃত শিশুর স্বজন দেলোয়ার বেপারি বলেন, ফয়সাল মাদ্রাসায় লেখাপড়া করত। গত বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে মাদ্রাসা থেকে বাসায় আসে সে। পরদিন সকালে চিকিৎসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। সোমবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে সে মারা যায়।
