খুলনায় খাদ্য কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড
চাল-গম চুরির দায়ে খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদামের সাবেক এক কর্মকর্তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায়ে আসামিকে একই সঙ্গে ২০ লাখ ৫৭ হাজার ৮৫৪ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সাজাপ্রাপ্ত আব্দুর জব্বার গোপালগঞ্জ কোটালীপাড়ার হরিনাবাটি গ্রামের কফিল হাজরার ছেলে। তিনি এ গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পলাতক রয়েছেন।
এ অভিযোগে ২০০৪ সালে তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় মামলা করে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ কারাদণ্ড এবং জরিমানা প্রদান করেছে আদালত।
দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার আদালত পরিদর্শক বিজন কুমার রায় বলেন, আব্দুল জব্বার হাজরা ২০০২ সালের ১ জুলাই থেকে ২০০৩ সালের ৩০ জুন পর্যন্ত খুলনা ওই সিএসডি গুদামে কর্মরত ছিলেন। এ সময় ২৮ লাখ ৭৬ হাজার ২৩৩ টাকার চাল ও গম আত্মসাৎ করেন জব্বার।
এ অভিযোগে ২০০৪ সালে তার বিরুদ্ধে খালিশপুর থানায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. বজলুর রহমান মামলা করেন।
মামলা তদন্তের দায়িত্ব পান দুদক খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।
তদন্তের পর ২০১৪ সালে মোশাররফ হোসেন আদালতে ওই মামলার অভিযোগপত্র দেন।
