২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2020, 01:26 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল ইসলাম বাবুল জানান, বুধবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে মো. শহীদুল্লাহ শহীদ মারা যান।

শহীদুল্লাহ (৪৯) জেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার ইয়াকুব আলী মাস্টারের ছেলে এবং শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সাইয়েদুল বলেন, শহীদুল্লাহ বেশ কিছুদিন ধরে ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। দুই সপ্তাহ আগে তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর ২৮ নভেম্বর প্রথমে তাকে ঢাকার উত্তরা হাই কেয়ার হসপটিালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১ ডিসেম্বর শরীদুল্লাহ বিএনপি দলীয় প্রার্থী হয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বলে জানান সাইয়েদুল।

শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, মেয়র পদপার্থী (বিএনপি মনোনীত) মো. শহীদুল্লাহ মারা যাওয়ায় নিয়ম অনুযায়ী ওই পদে নির্বাচন স্থগিত থাকবে এবং বাকিপদে নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই মেয়র পদে তারিখ ঘোষণা করে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।  

আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।