জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান বরখাস্ত
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে সাময়িক বরখাস্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক বিশেষ সভায় দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন উপস্থাপিকাসহ কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়।
একজন উপ-নিবন্ধক নাম না জানিয়ে বলেন, ২০১৮ সালের ১০ ডিসেম্বর মোহাম্মদ শামীম রহমান (২৭) নামে এক ব্যক্তি তার বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসে গেলে তাদের আটক করে মারধর করেন সুদীপ্ত শাহিন। ওই দিন বিকেলে শামীম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক বরাবর মারধর, হুমকি ও লাঞ্ছনার অভিযোগ আনেন।
সর্বশেষ গত ১৬ অক্টোবর নাহিদ হোসেন নামে এক ভ্যানচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে শাহীনের বিরুদ্ধে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আট শতাধিক শিক্ষার্থী অনলাইনে গণস্বাক্ষর করে প্রশাসনের কাছে সুদীপ্ত শাহিনের অপসারণসহ চার দফা দাবি জানায়।
এছাড়া সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অন্তত ১৫টি লিখিত ও মৌখিক অভিযোগ জমা পড়েছে বলে একজন উপ-নিবন্ধক জানিয়েছেন।
