২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধজাহাজ এমভি একরামে হবে জাদুঘর: মন্ত্রী মোজাম্মেল

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পাকিস্তানি বাহিনীর যুদ্ধজাহাজ এমভি একরামে মুক্তিযুদ্ধ জাদুঘর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 11:53 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় কর্ণফুলী ডকইয়ার্ডে বুধবার বিকালে যুদ্ধজাহাজটি পরিদর্শন করে তিনি বলেন, এই জাদুঘর দেখে মুক্তিযুদ্ধকালীন নেভাল কমান্ডোদের ইতিহাস সারাবিশ্বের মানুষ জানতে পারবে।

তিনি বলেণ, জাহাজটি সংস্কার করে ভাল একটি স্থানে রাখা হবে। সংরক্ষণের জন্য দুটি জায়গা পছন্দ করা হয়েছে। একটি মাদারীপুরের এসপিটিআই প্রশিক্ষণকেন্দ্র আর অপরটি হল চাঁদপুর নদীবন্দরের পাশে। জাহাজটি এমনভাবে সংরক্ষণ করা হবে যাতে মানুষের কাছে আকর্ষণীয় হয়।

তিনি বলেন, ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিআইডব্লিউটিএ এবং জাদুঘরের প্রতিনিধি থাকবেন। তারা এক মাসের মধ্যে দুটি কাজ করবেন। তারা স্থান চূড়ান্ত করবেন এবং কী কী থাকতে পারে সে বিষয়ে ধারণা দেবেন।

“আমরা বিদেশেও দেখি এ ধরনের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করতে। ওই কমিটি আইডিয়া ও বাজেট দেওয়ার পরে সেটা নিয়ে আমরা কাজ করব এবং বাজেট পাসের বিষয়ে পদক্ষেপ নেব।”

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক মন্ত্রীর সঙ্গে ছিলেন।