২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সাড়ে ৩ কেজি সোনাসহ একজন আটক

ফেনীতে সাড়ে তিন কেজি সোনাসহ একজনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 09:43 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

আটক নূরুল ইসলাম (৩০) চট্টগ্রামের হাটহাজারী এলাকার জহির আহাম্মদর ছেলে।

ফেনীর রামপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয় বলে র‌্যাব ৭-এর ফেনী ফাঁড়ির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান।

তিনি বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে ঢাকামুখী একটি প্রাইভেট কার সাদিয়া হোটেলের সামনে মোড় ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেট কারসহ নূরুলকে আটক করেন।

“গাড়ি থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেট কার।”

র‌্যাব কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে আটক নূরুল ইসলাম স্বীকার করেছেন, চট্টগ্রামের নিউ মার্কেটের দত্ত জুয়েলার্সের হয়ে ফেনীর পাঁচটি জুয়েলারি দোকানে এ সোনার বার সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে আটটি বার নিজের বলেও দাবি করেছেন নূরুল ইসলাম।

এই সোনার বাজারদর দুই কোটি ১০ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, জব্দ করা সোনা কাদের তা তদন্ত চলছে। আটক নূরুলের বিরুদ্ধে মামলা করে ফেনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।