পাবনায় ইজারাদারের কাছে ছাত্রলীগ নেতার ‘চাঁদা দাবি’
পাবনার সাঁথিয়া উপজেলায় জলাশয় ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
আরিফুল ইসলাম নামের ওই যুবক সাঁথিয়ার করমজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এই ঘটনায় মঙ্গলবার সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন ইজারাদার রফিকুল ইসলাম।
লিখিত অভিযোগে রফিকুল বলেন, উপজেলার আরাজি আফড়া মৌজায় সর্বোচ্চ মুল্যে গত ১৫ নভেম্বরে এক বছরের মেয়াদে জলাশয় ইজারা নেন আফড়া গ্রামের রফিকুল ইসলাম।
ইজারা নেওয়ার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরতে গেলে স্থানীয় ‘সন্ত্রাসী’, ‘চাঁদাবাজ’ ও বেশ কয়েকটি মামলার আসামি করমজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ও তার সহযোগী ১৫-২০ জন তাদের ঘিরে চাঁদা দাবি করেন বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অস্ত্রের ভয় দেখিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা থেকে তাদের তাড়িয়ে দেন আরিফুল ও তার লোকজন।
রফিকুল ও তার লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে প্রাণভয়ে ওই এলাকা থেকে ফিরে যান এবং পরদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, পাবনা জেলা প্রশাসক ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়েছেন বলে রফিকুল জানান।
এই ব্যাপারে করমজা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম বলেন, “চাঁদা চাওয়ার প্রশ্নই ওঠে না। ওরা জামায়াতের রাজনীতি করে বলেই আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”
অভিযোগকারী রফিকুল ইসলাম বলেন, “কোনো কিছুতে ফাঁসাতে না পারলেই এখন জামায়াত-শিবির বলা একটি কালচারে পরিণত হয়েছে। আমরা জামায়াত করি কিনা তা এখটু খোঁজ নিলেই প্রমাণ পাওয়া যায়।”
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
