রূপগঞ্জে কয়লা ভাঙার কারখানা অপসারণের দাবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়লা ভাঙার কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে মুড়াপাড়ার গাজী সেতু সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাইরের বড়ো বড়ো কয়লা এনে এই কারখানায় ভেঙে ছোটো করা হয়। ফলে কয়লার ধূলায় আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে থাকে প্রায় সময়।
মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একটি প্রতিষ্ঠান মুড়াপাড়া গাজী সেতু সংলগ্ন এলাকায় কয়লা কারখানা গড়ে তুলেছে। ডকইয়ার্ড কারখানা তৈরির কথা বলে ঘনবসতিপূর্ণ এই এলাকায় কয়লা কারখানা গড়ে তোলে।
কয়লার ধূলায় মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তত দুই হাজার পরিবার স্বাস্থ্য ঝূঁকিতে রয়েছে বলে বক্তাদের অভিযোগ।
এছাড়া দড়িকান্দি জামে মসজিদের মুসুল্লি, দড়িকান্দি উলুমিয়া মাদ্রাসার ছাত্ররাও ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা রেহেনা আক্তার এই কয়লা কারখানার দেখভাল করছেন। তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস করে না।
তবে রেহেনা আক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “উত্তরা গ্রুপ আমার ভাগ্নে জামাইয়ের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ব্যবসা করছে। সেই কারণে সম্পর্ক আছে। তবে আমি এতে জড়িত নই।”
উপজেলা নির্বাহী প্রকৌশলী এনায়েত কবীর বলেন, ধূলার কারণে সেতুর সৌন্দর্য নষ্ট হচ্ছে। সেতুতে চলাচলকারী লোকজনের নানা সমস্যা হচ্ছে।
মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকত উল্লা মিয়া, ইউপি সদস্য আলম হোসেন, হারেছ মিয়া, হীরা মিয়া, নুরুল ইসলাম, সোহেল হোসেন, কামাল হোসেন, মফিজ মিয়া, ইসমাঈল, বাবেল প্রমুখ।
এক সপ্তাহের মধ্যে কয়লার স্তূপ অপসারণ করা না হলে বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা হুমকি দেন।
