না’গঞ্জে পাসপোর্ট অফিসে কর্মচারীকে ‘মারধর’, প্রবাসী আটক
নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাংচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে এক কানাডা প্রবাসীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে সদর উপজেলার জালকুড়িতে এই ঘটনা ঘটে।
আটক প্রবাসী আজমল হোসেন (৩৬) নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকার খাজা হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ পাসপোর্ট অসিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজমল হোসেন তার ছেলের পাসপোর্ট করতে কাগজপত্র জমা দেন। কিন্তু ওই কাগজপত্রে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ও ছেলের জন্মসনদ সত্যায়িত ছিল না।
তার মারধরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মহসিন (২৯) ও আবদুস সালাম (৩০) আহত হন বলেও পরিচালক হাসান জানান।
অফিস সহকারী মহসিন ইসলাম বলেন, “কথাকাটাকাটির মধ্যেই এই প্রবাসী গ্লাসে আঘাত করে ভেঙে ফেলেন এবং মারধর করেছেন।”
তবে আটক প্রবাসী আজমল হোসেনের দাবি, তিনি তার ছেলের পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। কাগজপত্রে সমস্যার কথা বলে অফিস সহকারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।
“কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে কাউন্টারে গ্লাসে আঘাত করি এবং তা ভেঙে যায়।”
তিনি ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটাননি বলে দাবি করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, পাসপোর্ট অফিস ভাঙচুর ও কর্মচারীকে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
