‘ভারতে পাচার হওয়া’ ৩০ শিশু-কিশোর দেশে ফিরেছে
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ ৩০ শিশু-কিশোর-কিশোরীকে বাংলাদেশে পাঠিয়েছে, যারা ভালো কাজের প্রলোভনের প্রতারণায় পাচার হয়েছিল বলে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা শিশুদের মধ্যে তিন জন শিশু এবং অন্যরা ১২ থেকে ২০ বছর বয়সের মধ্যে। দেশের বিভিন্ন জেলায় তাদের বাড়ি।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, “অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে দুই থেকে আট বছর আগে অবৈধ পথে এরা ভারতে যায়।”
তিনি বলেন, ভারতের মুম্বাই ও কলকাতাসহ বিভিন্ন শহরে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে ১১টি ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ওসি আহসান হাবিব আরও বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে দেওয়া হয়েছে। ওখানে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী সচিব আব্দুল ওয়াদুদ ফেরত আসাদের গ্রহণ করে বলেন, ভ্রমণ পারমিটের মাধ্যমে যারা এসেছে তাদের তিনটি এনজিওর মাধ্যমে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
