গাজীপুরে ট্রাক-অটো সংঘর্ষে একজন নিহত
গাজীপুরে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
নিহত রহুল আমিন (৩৫) জেলার কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকার আনার উদ্দিনের ছেলে। গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দপ্তরি ছিলেন তিনি।
উপজেলার আমতলী এলাকায় বৃহস্পতিবার সকালে তিনি নিহত হন বলে কালিয়াকৈর থানার এসআই মো. জামাল উদ্দিন জানান।
তিনি বলেন, রহুল আমিন বহেরাতলী এলাকা থেকে অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে রহুল ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান এসআই মো. জামাল উদ্দিন।
