টঙ্গীতে তিন লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে তিনটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে টঙ্গীর সুরতরঙ্গ রোড, খরতৈল ও গুশুলিয়া এলাকায় থেকে ওই লাশ উদ্ধার হয়।
তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
মৃতরা হলেন- ফেনী জেলার ছায়েদুল হক (৩২), নেত্রকোণা জেলার রফিকুল ইসলাম (২৭) ও রহিমা আক্তার (২৬)।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো. কায়সার হাসান বলেন, ছায়েদুল তার স্ত্রী নূপুরসহ সুরতরঙ্গ রোডের আবদুস সালামের বাড়িতে ভাড়া থাকতেন; তিনি পেশায় বাবুর্চি ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় বাড়ির মালিক ও আশপাশের লোকজন গিয়ে তাদের মিটমাট করিয়ে দেয়।
এরপর রাত ২টার দিকে ছায়েদুলের স্ত্রী আবারও বাড়ির মালিককে ডেকে আনেন। এ সময় তারা ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ছায়েদুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
একই থানার এসআই মো. হাসান বলেন, রফিকুল ভাড়া থাকতেন খরতৈল এলাকার ভিয়েলাটেক্স পোশাক কারখানার পাশের একটি বাড়িতে। তিনি ও তার স্ত্রী দুজনেই চাকরি করতেন পোশাক কারখানায়। এর মধ্যে চাকরি চলে যাওয়ায় কিছুদিন ধরে বাসাতেই ছিলেন রফিকুল।
একই রাত সোয়া ১০টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরেন খাদিজা। এ সময় ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে জানালা দিয়ে ফ্যানের সঙ্গে স্বামী রফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন।
এদিকে রহিমার লাশ গুশুলিয়া এলাকা থেকে উদ্ধার করা হয় বলে এসআই হাসান জানান।
তিনি বলেন, “রহিমা সেখানে বাবার বাড়িতে ছিলেন। মঙ্গলবার রাতে মেয়েকে (৫) নিয়ে এক ঘরে ঘুমাতে যান রহিমা। পরে পরদিন বুধবার সকালে রহিমাকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখেন স্বজনেরা; খবর পেয়ে পুলিশ গিয়ে তা লাশ উদ্ধার করে।”
ছায়েদুল ও রফিকুল পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
