২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারসহ ৯ বাংলাদেশি জেলে মিয়ানমারে আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় বাংলাদেশি নয় জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2020, 12:31 AM

Updated : 18 Aug 2022, 04:04 PM

বাংলাদেশ কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মো. আরিফুজ্জামান রনি জানান, মঙ্গলবার ভোরে নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এসব জেলেকে বিজিপি ধরে নিয়ে যায়।

তবে সেই জেলেদের নাম-পরিচয় জানাতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা।

তাদের বহনকারি এফবি ওসমান নামের ট্রলারটির মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ কালাম ওরফে কালাম মাঝি।

লেফটেন্যান্ট আরিফুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে কিছু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে কোস্টগার্ডের টহলরত সদস্যদের একটি দল অভিযান চালায়। এ সময় সেখানে দুটি ট্রলারকে ধাওয়া দিলে এফবি আহমদ নামের একটি ট্রলার শাহপরীর দ্বীপ এলাকার দিকে এবং এফবি ওসমান নামে অপর ট্রলারটি মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়।

“পরে জেনেছি এফবি ওসমান নামের ট্রলারটিসহ নয় জেলেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এ ব্যাপারে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশি নয় জেলেকে ধরে যাওয়ার খবরটি অবহিত হওয়ার পর মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসব জেলেকে ছাড়িয়ে আনতে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।