২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একদিন বয়সী’ দুই নবজাতকের লাশ উদ্ধার

গাজীপুর নগরের দুই জায়গা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 10:25 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

মঙ্গলবার দুপুরে ভাওয়াল রাজদিঘীর পাড় থেকে একটি এবং সালনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (ইপসা) গেইট এলাকায় ময়লার স্তুপ থেকে অপরটি লাশ উদ্ধার করা হয়।

জিএমপির সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজুর রহমান বলেন, মঙ্গলবার বেলা ২টায় গাজীপুর শহরের রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার সংলগ্ন রাজদিঘীর পাড়ে খেজুর গাছের নিচে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নবজাতকের বয়স এক দিন হবে বলে ধারণা করা হচ্ছে।

একই থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, সালনার ইপসা গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তুপে অপর একটি কার্টুন পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

এ সময় উৎসুক স্থানীয়রা কার্টুনটি খুলে ওড়নায় মোড়ানো মেয়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওই নবজাতকের লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ নবজাতকের বয়সও এক দিন হবে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।