কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমন চালকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শ্যালো ইঞ্জিন চালিত স্থানীয় যান নসিমনের চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন নসিমনের নয় যাত্রী।
সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গা বটতলায় এই দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত মনোয়ার হোসেন (৪০) মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়ার সোবাহান ফকিরের ছেলে।
আহতদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ; তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর উপজেলার চুনিয়াপাড়া থেকে একটি নসিমন ভাড়া করে এর যাত্রীরা আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামে তাদের এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে দেখতে যাচ্ছিল। পথে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এই নসিমনের।
পুলিশ পৌছানোর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে তিনি জানান।
ওসি আরও জানান, কিছু সময়ের জন্য কুষ্টিয়া-মেহেরপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে স্বাভাবিক করে।
