২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে বৃদ্ধাকে পেটানোর অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমির বিরোধের জেরে বৃদ্ধাকে পেটানোর অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 11:14 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, উপজেলার জামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী রেহানা বেগমকে (৬১) মারধরের কথা তিনি শুনেছেন। তবে কেউ পুলিশে অভিযোগ দেয়নি।

রেহানা উপজেলার জামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী।   

মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

তিন মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রেহানা ও তার মেয়ের সঙ্গে নাজমুল ও তার লোকজনের কথাকাটাকাটি হচ্ছে। একপর্যায়ে নাজমুল ও তার লোকজন মা-মেয়েকে বেধড়ক লাথি ও কিলঘুসি মারেন। মা-মেয়ে কান্নাকাটি করলেও কাউকে সহযোগিতায় এগিয়ে যেতে দেখা যায়নি।

নাজমুল ইসলাম ভিডিও চিত্রের সত্যরা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রেহানা আমাদের পুরনো বাড়ির রাস্তায় গাছ লাগিয়েছেন। ওই রাস্তা দিয়ে অনেক মানুষ আসা-যাওয়া করত। বৃহস্পতিবার বিকালে আমি ও আমার বাবা ওই গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিতে বলি। তখন রেহানা আমার ৭০ বছর বয়স্ক বাবাকে দা নিয়ে কোপাতে তেড়ে আসেন। আমি তাকে বাধা দেই এবং ধাক্কা দিয়ে ফেলে দেই।

“আমার বাবাকে মারতে গেলে আমি কি বসে থাকব?”

ভিডিও সম্পর্কে তিনি বলেন, “আমার বিপক্ষের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্ধনে এসব হয়েছে। রেহানা পরিকল্পিতভাবে গোপন ক্যামেরায় ভিডিও করে ফেইসবুকে ভাইরাল করেছেন।”

এ বিষয়ে কেউ পুলিশে অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক।

তিনি বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।”