গাজীপুরে জাল সাত লাখ টাকাসহ দম্পতিসহ গ্রেপ্তার ৪
গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে সাত লাখ টাকার বেশি জাল টাকাসহ এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় এবং মধ্যরাতে শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের শফি উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার স্ত্রী নিলুফা বেগম (২১), পটুয়াখালী গলাচিপা থানার রতনদি এলাকার মতিউর রহমানের ছেলে সফিকুল ইসলাম (৩২) এবং ভোলার দক্ষিণ আইচার চরমাইনকা এলাকার শাহ আলম ফরাজীর ছেলে হাবিবুর রহমান (৪০)।
এ দম্পতি শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে ভাড়া থাকতেন। অপর দুইজন গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় এবং ভোগড়া বাইপাস সড়ক এলাকায় ভাড়া থাকতেন।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, শনিবার ভোর ৫টার দিকে মোগরখালে এক বাড়ির ভাড়াটিয়া সফিকুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহানগরের ভোগড়া বাইপাস সড়ক এলাকার এক ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ার জানান, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
তাদের হেফাজত থেকে দুই লাখ ৫০ হাজার পাঁচশ' টাকার সমমানের জাল টাকা উদ্ধার করা হয়।
এর মধ্যে দুই বাণ্ডিলে এক হাজার টাকার ২০৫টি নোট এবং ৫০০ টাকার ৯১টি নোট রয়েছে।
“তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন।”
