২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের তাসিনকে ‘৫০০ টাকার জন্য হত্যা করে বন্ধুরা’

নারায়ণগঞ্জের মো. তাসিন তার পাওনা ৫০০ টাকা ফেরত চাওয়ায় আট বন্ধু তাকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 09:52 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, হত্যার ১৮ মাস পর নজরুল ইসলাম (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করে তারা এই তথ্য পেয়েছেন।

২০১৯ সালের ১ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. তাসিন নামে এক তরুণ খুন হন।

পুলিশ সুপার মনিরুল শুক্রবার বিকালে সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে বুধবার ঢাকার খিলগাঁও থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেন তারা। নজরুল ভোলার ভেদুরিয়া থানার আবদুল মালেকের ছেলে।

নজরুলকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে পুলিশ সুপার বলেন, নজরুল ঢাকার খিলগাঁও এলাকায় অটোরিকশা চালান। বন্ধু তাসিনের কাছ থেকে নজরুল ৫০০ টাকা ধার নিয়েছিলেন। পরে তাসিন পাওনা টাকা ফেরত চেয়ে না পেয়ে নজরুলকে গালাগাল করেন। ক্ষিপ্ত হয়ে নজরুল তার বন্ধুদের সঙ্গে হত্যার পরিকল্পনা করেন। ২০১৯ সালের ১ মে নজরুল, শাওন (১৯), মো. ইমরান (২০), মো. শামীম (১৯), মো. আব্বাস (১৯), তাহের, নাদিম, শুক্কুর আলী—এই আটজন মিলে তাসিনকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে কাঞ্চন এলাকার লেকে ডুবিয়ে হত্যা করেন।

পুলিশ সুপার বলেন, নজরুল দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।